২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ায় বাধা নিয়ে না.গঞ্জে জনতা-পুলিশ তুমুল সংঘর্ষ

শিল্প মেলায় র‌্যাফেল ড্র-র নামে 'জুয়া খেলায়' বাধা দেওয়ায় রোববার রাতে পুলিশের সঙ্গে এখানে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন পুলিশ সহ ৫০ জন আহত হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে খানপুর, ডন চেম্বার ও শহরের কেন্দ্রস্থল চাষাড়া রণক্ষেত্রে পরিণত হয়। র‌্যাবের সহায়তায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

নারায়ণগঞ্জ, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিল্প মেলায় র‌্যাফেল ড্র-র নামে 'জুয়া খেলায়' বাধা দেওয়ায় রোববার রাতে পুলিশের সঙ্গে এখানে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন পুলিশ সহ ৫০ জন আহত হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে খানপুর, ডন চেম্বার ও শহরের কেন্দ্রস্থল চাষাড়া রণক্ষেত্রে পরিণত হয়। র‌্যাবের সহায়তায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী কালীর বাজারের স্ক্রিন প্রিন্ট শ্রমিক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কারের কথা বলে শহরে মাইকিং করে ২০ টাকা দামে প্রবেশ টিকিট বিক্রি করা হয়েছিল যার নাম্বার ধরে প্রতিদিন লটারি হতো। নিজে ৪৫টি টিকিট কিনেছিল জানিয়ে আবদুস সালাম বলেছে, রোববার সে একটি মোটর সাইকেল জিতেছিল। তার মা পুরস্কার নিতে ওঠার পর পুলিশ মঞ্চে উঠে পুরষ্কার দেওয়া বন্ধ করে দেয়। এতে মেলা প্রাঙ্গনে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দশটার দিকে এনডিসি ভিখারুদ্দৌলা নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করীমকে সঙ্গে নিয়ে মেলাঙ্গনে অভিযান চালান। এনডিসি জানান, মেলাস্থলে পৌছে তিনি মেলা কর্তৃপক্ষকে র‌্যাফেল ড্র-র নামে জুয়া বন্ধের অনুরোধ করলেও তারা সহযোগিতা করেননি। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ১০ রাউন্ড টিয়ার গ্যাস ও ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়েন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় বাংলাদেশ বেনারসী মসলিন জামদানি সোসাইটি গত ২০ ডিসেম্বর শহরের মিশনপাড়ার নবাব সলিমুল্লাহ রোডে মাসব্যাপী ওই মেলা আয়োজন করে। পরে এর মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তারা আগে অনুমতি দিলেও জুয়াসহ অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসনকে এর অনুমতি প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০৫২ঘ.