ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় মালিকানার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল এর পরিচালক মোহাম্মদ তৌফিকসহ নয় জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে একই সংস্থার সাবেক পরিচালক নূর হোসেন মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দুদকের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
হানিফ ইকবাল বলেন, "খুব শিগগিরই ওই ৪৭ জনের বিরুদ্ধেও মামলা করা হবে।"
তিনি জানান, তারা প্রতিষ্ঠানের ভূয়া বিল করে ১৭ কোটি ২৬ লাখ ৭১ হাজার এবং ক্ষমতার অপব্যবহার করে ১৪ কোটি ১৩ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া মোট ৫৩টি বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ে বাজেট বহির্ভূত ২৩ কোটি ৮১ লাখ টাকা উত্তোলন এবং ভূয়া কাগজ তৈরি করে ১৭ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি।
গত বছরের ২৫ আগস্ট মোহাম্মদ তৌফিকসহ নয় জনের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৯৩৭ঘ.
bdnews24