রাঙামাটি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বরকল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সন্তোষ চাকমাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার প্রত্যন্ত ছোট হরিণার কুকিছড়ি ও ত্রিপুরাছড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে সন্তোষ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
তবে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম বলেছেন, তারা শুনেছেন সন্তোষ চাকমাকে পাওয়া যাচ্ছে না। নিরাপত্তা সংস্থা ,গোয়েন্দা সংস্থা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি অপহরণ কিনা নিশ্চিত না হয়ে বলা যাবে না। আমরা চেষ্টা করছি ঘটনা সম্পর্কে সঠিক তথ্য পেতে।"
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মাসুদ উল হাসানও জানিয়েছেন, তারা বিষয়টি শুনেছেন। সেখানকার প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে অপহরণ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০০২০ ঘ.
bdnews24