২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাস চালকদের সড়ক অবরোধ

মারধরের অভিযোগ এনে মঙ্গলবার সকালে মাইক্রোবাস চালকরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 03:17 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারধরের অভিযোগ এনে মঙ্গলবার সকালে মাইক্রোবাস চালকরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে।

সকাল ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবরোধের সময় মহাসড়কের দুই দিকে কয়েশ' গাড়ি আটকা পড়ে। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাইক্রোবাস চালকরা অভিযোগ করেন, গাড়ি রিকুইজিশন করাকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মাইক্রোবাস চালক বাবুকে মারধর করেছেন। তবে ট্রাফিক সার্জেন্ট এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, চালকের সঙ্গে তার শুধু কথা কাটাকাটি হয়েছে।

মাইক্রোবাস চালকরা সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮ টার দিকে শহরের শান্তির মোড়ে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন নির্বাচন কাজে ব্যবহারের জন্য মাইক্রোবাস রিকুইজিশনের জন্য যান। তিনি ঢাকা থেকে আসা স্থানীয় একটি মাইক্রোবাস (রাজ মেট্টো ছ ১১-০০৯১) রিকুইজিশন করেন এবং তখনই চালককে গাড়ি নিয়ে স্থানীয় ট্রাফিক পুলিশের কার্যালয়ে যেতে বলেন।

চালক বাবু গাড়ি মেরামত করে কিছুক্ষণ পর যাবেন বলে জানালে ওই সার্জেন্ট তাকে মারধর করেন।

ট্রাফিক সার্জেন্ট মামুন বলেন, "আমি ওই চালককে মারধর করেনি। তার সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে।"

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মাইক্রোবাস চালকরা একত্রিত হয়ে সকাল ১১টার সময় শহরের বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এলোপাতাড়ি মাইক্রোবাস রেখে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই দিকে কয়েশ' গাড়ি আটকা পড়ে।

তিনি জানান, সাড়ে ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এর পরপরই র‌্যাব-৫ এর একটি দল এসে লাঠিচার্জ করে এবং মাইক্রোবাস চালকদের গাড়ি সরিয়ে নিতে বললে তারা অবরোধ তুলে নেন।

ওসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাইক্রোবাসের চালক ও মালিকদের বসে বিষয়টি সুরাহা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.