২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির বিরুদ্ধে প্রতিবেদন: উৎস প্রকাশ না করায় রুলজারি

বিচারপতির বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের উৎস প্রকাশ না করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে সাপ্তাহিক 'শীর্ষ কাগজের' প্রতিবেদক নাসরিন আখতারের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচারপতির বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের উৎস প্রকাশ না করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে সাপ্তাহিক 'শীর্ষ কাগজের' প্রতিবেদক নাসরিন আখতারের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আবদুল হাইয়ের বেঞ্চ এই আদেশ দেয়। 'কালো টাকা সাদা করলেন এক বিচারপতি' শিরোনামে সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রকাশিত প্রতিবেদনের উৎস জানাতে গত বছরের ৫ আগস্ট হাইকোর্ট ওই প্রতিবেদককে নির্দেশ দিয়েছিল। সোমবার নাসরিন আখতারের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ একটি জবাব দাখিল করেন। এতে তিনি বলেন, "সাংবাদিক হিসেবে সংবাদের উৎস প্রকাশ করা সাংবাদিকতার নীতি পরিপন্থী। খবরের উৎস প্রকাশ করা হলে ভবিষ্যতে সব খবরের উৎস বন্ধ হয়ে যাবে। জনসাধারণ তাদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে।" গত বছর ৭ জানুয়ারি প্রকাশিত সাপ্তাহিক শীর্ষ কাগজের 'কালো টাকা সাদা করলেন এক বিচারপতি' শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি হয়েও শাহ আবু নাঈম মোমিনুর রহমান সরকারের দেওয়া কালো টাকা সাদা করার সুযোগ গ্রহণ করেছেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত (স্যুয়োমটো) হয়ে গত বছরের ১০ জানুয়ারি শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হক ও প্রতিবেদক নাসরিন আক্তারসহ ১৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের বেঞ্চ থেকে রুলটি পরে বিচারপতি এ বি এম খায়রুল হকের বেঞ্চে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/০০১০ঘ.