ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার তদারকির জন্য সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই)।
এছাড়া সাপ্তাহিক ছুটি দুদিন থেকে কমিয়ে একদিন এবং তা রোববার করার দাবি জানিয়েছে ব্যবসায়ী এই সংগঠনটি।
সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের নব নির্বাচিত সভাপতি জাফর ওসমান এ সব দাবি ও সুপারিশ করেন।
সরকার বাজারে হস্তক্ষেপ করবে না বলে রোববার বাণিজ্যমন্ত্রী ফারুক খান যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে জাফর ওসমান বলেন, "মুক্তবাজার অর্থনীতিতে সরকার বাজার হস্তক্ষেপ করলে হিতে বিপরীত হতে পারে। তবে এ কথা ঠিক যে, সব কিছু ব্যবসায়ীদের ওপর ছেড়ে দিলে চলবে না। সরকারকে নিয়মিত বাজার মনিটর করতে হবে।"
জাফর ওসমান আরো বলেন, কোনো ব্যবসায়ী অসৎভাবে অতিরিক্ত মুনাফা করছেন কিনা তা চিহ্নিত করতে হবে। অসৎ ব্যবসায়ী চিহ্নিত করার দায়িত্ব সকলের। এক্ষেত্রে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
একইসঙ্গে ঢাকা চেম্বার রাজধানী ঢাকার যানজট নিরসণে সরকারি ও বেসরকারি অফিস এবং স্কুল-কলেজের জন্য আলাদা সময়সূচি নির্ধারণের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে
দ্রব্যমূল্য তদারকির জন্য সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করে ডিসিসিআই প্রধান বলেন, "এই টাস্কফোর্স পণ্য আমদানি থেকে শুরু করে খুচরা বাজারে বিক্রি পর্যন্ত সব ক্ষেত্রে বাজার মনিটর করবে। কোনো ব্যবসায়ী বেশি লাভে পণ্য বিক্রি করছে কিনা তাও খতিয়ে দেখবে এই টাস্কফোর্স।"
কিছু ব্যবসায়ী অনেক সময় অতিরিক্ত মুনাফার লোভে বেশি দামে পণ্য বিক্রি করেন একথা স্বীকার করেও তিনি বলেন,"এজন্য ঢালাওভাবে সব ব্যবসায়ীকে দায়ী করা ঠিক নয়।"
সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি জানিয়ে জাফর ওসমান বলেন, "পৃথিবীর প্রায় সব দেশেই সাপ্তাহিক ছুটি একদিন এবং তা রোববার। এমনকি পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো বৃহৎ মুসলিম দেশেও সাপ্তাহিক ছুটি রোববার। আমাদের এখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে রপ্তানি বাণিজ্যসহ ব্যবসা-বাণিজ্যের সব ক্ষেত্রেই বড় ধরনের সমস্যা হচ্ছে।"
দেশের অর্থনীতির স্বার্থে সাপ্তাহিক ছুটি একদিন এবং তা রোববার করার জন্য নির্বাচিত নতুন সরকারের কাছে দাবি জানান তিনি।
রাজধানী ঢাকার যানজট সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি আলাদা করার প্রস্তাব দেন নতুন ডিসিসিআই সভাপতি। জাফর ওসমান বলেন, সরকারি অফিস সকাল ৮টা থেকে ৪টা এবং বেসরকারি অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত করা যেতে পারে।
স্কুল-কলেজের সময়সূচিও পরিবর্তন করার সুপারিশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮৫১ঘ.
bdnews24