২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে মা-ছেলেসহ তিনজন নিহত

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় রোববার সকালে আলমসাধু নামে পরিচিত অবৈধ যান্ত্রিক যানের সঙ্গে সেনা বাহিনীর একটি গাড়ির সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। ওই যান্ত্রিক যানের চালকসহ আহত হয়েছেন আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় রোববার সকালে আলমসাধু নামে পরিচিত অবৈধ যান্ত্রিক যানের সঙ্গে সেনা বাহিনীর একটি গাড়ির সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। ওই যান্ত্রিক যানের চালকসহ আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার পাবড়া মনোহরপুর গ্রামের সখিনা বেগম (৫০) ও তার ছেলে আবু সাঈদ ( ১৫)। সখিনা বেগমের বোন আহত রেহানাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, যাত্রী বোঝায় আলমসাধুর সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনা বাহিনীর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই যান্ত্রিক যানটির যাত্রী মা ও ছেলে মারা যায়। তিনি জানান, চালকসহ আহত তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে । সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলার হাট হাজিলপুর বাজারে ট্রাক চাপায় মারা গেছে তাসলিম (১০) নামের এক শিশু। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ইমাম জানান, ট্রাকটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.