বগুড়া, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার কাহালু উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী (চেয়ার প্রতীক) আবু জাফর মো. খলিলুর রহমান। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢাকন্তা এলাকায় দুর্বৃত্তরা তাকে গাছের সঙ্গে বেধে মারধর ও ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তার চেতনা ফেরেনি বলে পরিবারের সদস্যরা জানান।
খলিলের বাড়ি উপজেলার পাইকড় গ্রামে। তিনি পাইকড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা।
দুর্বৃত্তদের মারধরে তার তিনসঙ্গীও আহত হয়েছেন। এরা হলেন- বাবু, ছামসুল আলম ও হারেজ।
এ ঘটনায় রাতেই পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রতিবাদে খলিলের সমর্থকরা উপজেলার দর্গারহাট এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত বগুড়া-নওগাঁ সড়ক প্রায় তিনঘণ্টা অবরোধ করে রাখে।
খলিলের ভাতিজা লিপু সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ঢাকন্তা এলাকায় পৌঁছালে দূর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। তারা তাকে ধরে নিয়ে পাশে একটি মাঠের মধ্যে গাছের সঙ্গে বেধে উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পেটায়।
তার চিৎকা শুনে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সুপারিশ করেন।
লিপু জানান, শুক্রবার রাত ৭টা পর্যন্ত তার চেতনা ফেরেনি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, খলিলুর রহমানের সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদেরকে সামান্য আঘাত করা হয়েছে। তাদের মোটরসাইকেল দুটি রাস্তায় পড়ে ছিল।
তিনি বলেন, কোন সন্দেহ নেই তার প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যই বেধে মারপিট করা হচ্ছিল বলে তিনি মনে করেন।
ওসি জানান, আটক নয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি তাদের নাম জানাননি।
খলিলের ওপর হামলার ঘটনায় তার সর্মথকরা সকাল ১১ টায় দর্গারহাট সড়ক অবরোধ করে। ফলে বগুড়া-নওগাঁ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ সুপার আকরাম হোসেন, রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আইয়ুব আলী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ সমর্থকরা খলিলুর রহমান সুস্থ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান। পরে পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান লয়া মিঞা জনতাকে শান্ত করেন।
৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধরা দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নেয়।
চেয়ারম্যান প্রার্থী খলিলের ওপর হামলার বিচার ও প্রার্থীদের নিরাপত্তা চেয়ে শুক্রবার সকাল ১১টায় কাহালু রেলওয়ে স্টেশনের বটতলায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা তৈয়ব আলী প্রতিবাদ সভা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24