চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ঢাকার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন।
অভিযুক্ত নরেশ চাকমা ওরফে নিউটন বর্তমানে ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃত্তী চাকমা ওরফে কিনু চাকমা রীতি অনুযায়ী আর্শীবাদ অনুষ্ঠানের পর বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করার অভিযোগ করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ রহিম এর তদন্ত করেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এর সত্যতা পান।
আখতার কবীর চৌধুরী জানান, বিচারক মঙ্গলবার নরেশ চাকমার বিরুদ্ধে অভিযোগ আমলে এনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১০৫ঘ.
bdnews24