২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণকালে বগুড়ায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাজিবুর রহমান আপেল গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

বগুড়া, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাজিবুর রহমান আপেল গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান শাজাহানপুর থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে রাজিবুর রহমান আপেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার অভিযোগ বলা হয়, উপজেলার বেজোড়া গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে বদিউজ্জামান সরকার তার একখণ্ড জমির খাজনা-খারিজের জন্য প্রায় দু'মাস আগে মাদলা ইউনিয়ন ভূমি অফিসে যান। তিনি উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজিবুর রহমানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। ওই সময় রাজিবুর রহমান তার কাছে আড়াই হাজার টাকা ঘুষ দাবি করেন। সে অনুযায়ী বদিউজ্জামান দেড় হাজার টাকা অগ্রিম দেন। কয়েকদিন আগে বদিউজ্জামান আবার ভূমি অফিসে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বাকি এক হাজার টাকা দাবি করেন। এরপর বদিউজ্জামান বিষয়টি লিখিতভাবে বগুড়া দুদক কার্যালয়ে জানান। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, "ঘুষ নেওয়ার অভিযোগে আটক ভূমি কর্মকর্তা রাজিবুর রহমান আপেলের বিরুদ্ধে মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৫ ঘ.