বান্দরবান, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় পিএইচপি রাবার বাগানে সোমবার শ্রমিক-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে বাচ্চু মিয়া (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।
সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফার এ সংঘর্ষে আহত গুরুতর আহত বাচ্চু মিঞাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মারা যান।
আহত অন্যরা হলেন- স্থানীয় বাসিন্দা জালাল আহমদ, নুরুল হাকিম, শ্রমিক ছাবের, আবুল কালাম, ক্যথোয়াই চাক এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র কর্মকর্তা মো. মহসিন, কনস্টেবল ইমু ও তরিকুল। অপর আহতদের নাম জানা যায়নি।
আহতদের কক্সবাজার হাসপাতাল, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গুলি ছোড়ার কারণে উত্তেজিত শ্রমিক-জনতা পুলিশের দুইটি বন্দুক কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। জ্বালিয়ে দেয় পিএইচপি রাবার বাগানের কার্যালয়।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার মো. শামসুদ্দিন বলেন, "সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবল বাচ্চু মিঞাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মারা যান।"
এর আগে বিকেলে তিনি সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে। এছাড়া উত্তেজিত জনতা পুলিশের দু'টি বন্দুক ভেঙ্গে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন রাবার বাগানে কর্মরত রাবার বাগানের শ্রমিকরা নানা দাবি নিয়ে বেশ কিছুদিন যাবত আন্দোলন করে আসছে। এ অবস্থায় পিএইচপি গ্র"পের রাবার বাগানের ব্যবস্থাপক ম্যানেজার আবুল হোসেন কয়েকজন শ্রমিককে বুঝিয়ে সোমবার সকালে বাগানে নিয়ে যাওয়ার সময় অন্য শ্রমিকরা বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
তিনি জানান, সংঘর্ষর এক পর্যায়ে পিএইচপি রাবার বাগানের ব্যবস্থাপক আবুল হোসেন শ্রমিকদের দিকে গুলি করলে কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এ খবর ছড়িয়ে পড়লে কয়েকশ শ্রমিক ছুটে আসে। এ অবস্থায় আবুল হোসেনের কাছে খবর পেয়ে পুলিশ আসে এবং তারাও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আরও কয়েকজন শ্রমিক ও জনতা আহত হয়।
এ খবরে আরও শ্রমিক ও স্থানীয় লোকজন এক হয়ে পুলিশ এবং বাগান মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা পর্যন্ত চলে সংঘর্ষ।
সংঘর্ষের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব, নাইক্ষ্যংছড়ি জোনের মেজর ফজলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ দ্রুত ঘটনাস্থলে যান।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি নিয়ে রাবার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে।"
নাইক্ষ্যংছড়ির ইউএনও নওয়াব আসলাম হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে বাইশারী বাজারে শ্রমিক, জনতা ও রাবার বাগান মালিকপক্ষের সঙ্গে প্রশাসন এবং বিডিআর কর্তৃপক্ষের বৈঠক হয়েছে।
তিনি বলেন, "তিনপক্ষের এ বৈঠকে আহতদের ক্ষতিপূরণ, গুলি বর্ষণের ঘটনা তদন্তপূর্বক দোষীদের শাস্তি এবং আগামী তিন দিনের মধ্যে (৮ জানুয়ারি) সৃষ্ট সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24