চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে নগরীর সবুজবাগ থেকে মঙ্গলবার গ্রেপ্তার হওয়া সহকারী উপ-পরিদর্শক হাবীবুর রহমান ও তার সহযোগী জাহিদুল আলমকে বুধবার তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
হালিশহর থানার উপ-পরিদর্শক হাবীব ও তার সহযোগীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা বিচার বিভাগীয় হাকিম বুধবার দুজনকে তিনদিন রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর সবুজবাগ থেকে হাবীবকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে ছিনতাইয়ের নগদ দুই লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া নজু মিয়াহাট এলাকা থেকে সাত হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ হাবীবের সহযোগী জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনকে হাটাহাজারী থানায় সোপর্দ করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধে ব্যবসায়ী সাইদুল ইসলাম হাটহাজারী থানায় একটি মামলা করেছেন।
মামলার বিবরণ দিয়ে নির্মলেন্দু চক্রবর্তী জানান, সাইদুল ইসলামের কর্মচারী খোরশেদ আলম মঙ্গলবার বেলা ৩টার দিকে সিএনজি অটো রিকশায় শহর থেকে হাটহাজারী যাচ্ছিলেন। পথে নজু মিয়া হাটে হাবীব ও জাহিদুল অটো রিকশা থামিয়ে পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/২২৩৮ ঘ.
bdnews24