২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের সাবেক সাংসদ দিদারুল আলম মারা গেছেন

কক্সবাজার সদর-রামু আসনে জাতীয় পার্টির সাবেক সাংসদ দিদারুল আলম চৌধুরী সোমবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর-রামু আসনে জাতীয় পার্টির সাবেক সাংসদ দিদারুল আলম চৌধুরী সোমবার মারা গেছেন। মাথায় রক্তক্ষরণের কারণে তিনি চট্টগ্রামের শাহ আমানত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। দিদারুল আলম চৌধুরীর ভাইপো রামু কলেজের প্রভাষক দিলওয়ার চৌধুরী জানান, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথায় রক্তক্ষরণের কারণে তার চাচাকে কক্সবাজারের ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে শাহ আমানত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এবং বিকেল ৩টায় ফকিরামুড়া দাখিল মাদ্রাসা মাঠে দিদারুল আলমের জানাজা হবে। দিলওয়ার জানান, দিদারুল আলম চৌধুরী ১৯৩৮ সালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৫ সালে জাতীয় পার্টিতে যোগ দেয়ার পর তিনি দলটির জেলা সভাপতির দায়িত্ব পান। ১৯৮৬ ও ১৯৮৮ সালে তিনি জাতীয় পার্টি থেকে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২২১৭ ঘ.