২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে সেনা সদস্য আটক

ছিনতাইয়ের অভিযোগে সাভারে শুক্রবার রাতে এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

সাভার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে সাভারে শুক্রবার রাতে এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম নাজমুল হক (৩০)। তিনি ঘাটাইল সেনানিবাসে কর্মরত বলে পুলিশ জানায়। তার সঙ্গে মোহাম্মদ আলী (৩০) নামে আরও এক ব্যক্তিকেও আটক করা হয়। নাজমুলকে শনিবার দুপুরে সাভার সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার সরোয়ার আলমের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম। নাজমুলের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিকির আচার গ্রামে। আশুলিয়া থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, "শুক্রবার রাত ১১টার দিকে সাভারের আশুলিয়া এলাকার জিরানী বাজারে দুই ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।" আশুলিয়ার কলেশ্বরী এলাকার ব্যবসায়ী মনির হোসেন পুলিশকে জানায়, রাত সোয়া ১০টার দিকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে পান্তাপাড়া সেতুর কাছে পৌঁছলে চার ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার পথ আটকায়। তারা তার কাছ থেকে ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পুলিশ কর্মকর্তা মোখলেসুর বলেন, "মনির হোসেনের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা চালায়। ওই সময় আবদুল মান্নান কলেজের কাছে প্রাইভেটকারটি আটকে নাজমুল ও চালক আলীকে আটক করে জনতা।" আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম বলেন, "সেনা সদস্য নাজমুল হক সিরাজগঞ্জ যাওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নেন বলে জানিয়েছেন। কিন্তু বাড়ি না ফিরে এ এলাকায় আসার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৪৩৩ ঘ.