ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের কারণে বুধবার উপকূলীয় জেলাসমুহের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
নয় জন মাঝি-মাল্লাসহ সেন্ট মার্টিনের একটি ট্রলার নিখোঁজ রয়েছে। গত তিন দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
সাতক্ষীরা:
কপোতাক্ষসহ অন্যান্য নদ-নদীর জোয়ারের পানিতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পনেরোটি গ্রাম এবং কাশিমারি, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও কৈখালি ইউনিয়নের আরও পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে।
নদ-নদীতে স্বাভাবিক জোয়ার অপেক্ষা ৩-৪ ফুট পানি বেশি ওঠায় এসব গ্রামের অধিকাংশ এলাকা ডুবে গেছে।
জলমগ্ন গ্রামগুলোর লোকজন নিরাপদ স্কুল, কলেজ ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান জানান, গাবুরার নেবুবুনিয়া ও খলিসাবুনিয়ার মধ্যবর্তী প্রায় ৪ কিলোমিটার এলাকার ৭/৮টি পয়েন্টে ভেড়ি বাঁধ ধসে গেছে। মাত্র এক সপ্তাহ আগেও ধসে যাওয়ার পর সেখানে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করা হয়েছিল। জোয়ার ও বৃষ্টির পানির প্রবল চাপে বাঁধ ঠেকানো যাচ্ছে না।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলিপ কুমার বনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোয়ারের চাপ বেশি থাকায় বাঁধ মেরামতের চেষ্টা ব্যর্থ হচ্ছে।"
গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম লেলিন জানান, ইউনিয়নের ১৮টি গ্রামের মধ্যে ১৫টিই প্লাবিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- খলিসাবুনিয়া, মধ্যম খলিসাবুনিয়া, খোলপেটুয়া, চকবারা, ডুমুরিয়া, সোরা, গাগড়ামারি, পারসেমারি, নেবুবুনিয়া, জেলেখালি, নাপিতখালি ও লক্ষ্মীখালি। এসব গ্রামের লোকজন গাবুরা হাইস্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রয়েছে।
পটুয়াখালী:
প্রবল জোয়ারে পটুয়াখালীর দেড় শতাধিক চর ৭ থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। পটুয়াখালী পৌরশহর ২ থেকে ৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। সাগর উত্তাল থাকায় শতশত মাছধরা ট্রলার নিরাপদ নোঙরে রয়েছে।
পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈরী আবহাওয়ায় ২৪ ঘণ্টা ধরে জেলার অভ্যন্তরীণ ২১টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ থাকবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন জানান, কল্যাণ কলস ইউনিয়নের ৫টি ও কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ৩টি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। কুয়াকাটাসহ কলাপাড়া ও গলাচিপা উপজেলার বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।
তিনি জানান, পটুয়াখালী-কুয়াকাটা রুটের ৩টি, পটুয়াখালী-বাউফল রুটের ১ ও পটুয়াখালী-বরিশাল রুটের ১টি ফেরির পন্টুন প্লাবিত হওয়ায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পানির উচ্চতা কমলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
লাক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া ও তেলিরচর, সদর উপজেলার মেঘারচর, পশ্চিম চর রমনীমোহন এবং রায়পুর উপজেলার চরকচিয়ার বিভিন্ন এলাকা ৭ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত ছিল।
প্লাবিত এলাকাগুলোর ১০ হাজার একরের অধিক রোপা আমান মাঠ পানিতে তলিয়ে গেছে। অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর গজারিয়ার কয়েক হাজার মানুষ স্থানীয় দুইটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এছাড়া মেঘনার ভাঙনে রামগতির সেনাগ্রাম, আলেকজান্ডার, চরজগবন্ধু ও সাহেবের হাট এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলের মাঠ ও বাজারসহ নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার বলেন, "প্রশাসনের একটি দল চর গজারিয়ায় পাঠানো হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।"
ভোলা:
জোয়ারের পানির প্রবল চাপে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে চরফ্যাশন উপজেলার চর নিউটন, মফিজাবাদ ও মোহাম্মদপুর এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার সারাদিন দমকা হাওয়া ও থেমে থেমে ভারি ও হালকা বর্ষণ অব্যাহত ছিল।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোলা সংলগ্ন মেঘনা, ইলিশা ও তেতুলিয়া নদীর পানি এখনও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।"
তিনি জানান, জোয়ারের প্রবল চাপে পাউবো'র বেড়িবাঁধ ভেঙে চরফ্যাশন উপজেলার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
ভোলা সদরের রাজাপুর ইউপি চেয়রম্যান আবি আব্দুল্লাহ টুনু চৌধুরী জানান, রাজাপুরের চারপাশে বেড়িবাঁধ না থাকায় জোয়ার আসতে না আসতেই এ এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, "এবারের জলোচ্ছাসে ২০টি ঘেরের সব চিংড়ি জোয়ারের পানিতে ভেসে গেছে।"
দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোকন জানান, নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধি এবং বাতাসের চাপে সদরের রাজাপুর ও দৌলতখান উপজেলার সরাজগঞ্জ এলাকায় মেঘনার তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বিপুল ফসলী জমি পানিতে তলিয়ে গেছে।
কক্সবাজার:
টেকনাফর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বীপের সুলতান আহমদের মালিকানাধীন এফবি আমিনা নিখোঁজ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর নয় জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। ফিরে না আসায় আমরা ধারণা করছি, এটি ঝড়ের কবলে পড়েছে।"
ওই ট্রলারে রয়েছেন- কালু মিয়া (৩৫), আমির (৩০), হাবিব উল্লাহ (২৮), খুইল্যা মিয়া (১৯), রশিদ আহমদ (২২), দিদার হোসেন (৩৪), নবী হোসেন (২৬)। বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।
গত তিন দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএইচবি/২২৪৪ ঘ.
bdnews24