২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামে শনিবার রাতে লিলি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

নড়াইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামে শনিবার রাতে লিলি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন। মেয়ে জলি বেগম (১৭) বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন তিনি। আশংকাজনক অবস্থায় জলিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই জসিম পালিয়ে যান। রোববার লিলি বেগমের ভাই মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন যাবত তার বোনের সঙ্গে জসিম উদ্দিনের কলহ চলে আসছিল। এ বিষয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হয়েছে। তার বোনের দায়ের করা মামলায় জসিম বেশ কয়েকদিন জেল হাজতেও ছিলেন। তিনি জানান, শনিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে জসিম উদ্দিন উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে লিলি বেগমকে কোপাতে শুরু করেন। এ সময় মেয়ে জলি মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন জসিম। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা জানান, লিলি বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪২ ঘ.