ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার মুক্তির পর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার জানান, সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে বেলা ১১ টা ৩৫ এর দিকে খালেদা জিয়া কারাগারের বাইরে আসেন। মুক্তি পেয়েই তিনি একটি নিশান প্যাট্রোল জিপে করে প্রয়াত স্বামী জিয়াউর রহমানের মাজারে যান।
এ সময় আগে থেকেই জড়ো হওয়া অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে যান। সাড়ে ১২টার দিকে ফুল দিয়ে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার জিয়ারত করেন।
এরপর বিজয়ী সরণি, ফার্মগেট, বাংলামোটর হয়ে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলে তারেক রহমানকে দেখতে যান।
এসময় তার সঙ্গে নেতাকর্মীদের গাড়ির বিশাল বহর ছিল।
খালেদা জিয়া যেসব সড়ক দিয়ে গেছেন সেগুলো কিছুক্ষণ আগে থেকেই ফাঁকা করে রাখা হয়। এর ফলে বিজয় স্মরণি, কাজী নজরুল ইসলাম এভিনিউসহ পুরো ফার্মগেট এলাকা, বাংলামোটরের পূর্ব ও পশ্চিম পাশ, শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শাহবাগে বঙ্গবন্ধু মেডিক্যালের সামনের সড়ক বিএনপি নেতাকর্মী ও তাদের গাড়িগুলো দখল করে রাখায় শাহবাগ দিয়ে গাড়ি চলাচল এক অর্থে বন্ধ হয়ে যায়।
এছাড়া কাকলী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালীর সাতরাস্তা থেকে মহাখালী মোড়, সোনারগাঁও খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত সড়কগুলো এবং গ্রীন রোড, পান্থপথ ও গুলশান এভিনিউসহ অলিগলিতে যানজট সৃষ্টি হয়।
গুলশান এভিনিউ ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহবুব জানান, প্রধান সড়কটিসহ অলিগলিতেও ছিল রিকশা ও মোটর গাড়িরজট।
বিজয় সরণি এলাকা ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাহবুব আলম রনী জানান, দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিজয় সরণিতে ছিল গাড়ির জট। বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত ছিল গাড়ির লম্বা সারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৫১৩ ঘ.
bdnews24