ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এলাকায় গত ২২ থেকে ২৪ আগস্ট নিবন্ধিত হওয়া ভোটারদের জাতীয় পরিচয়পত্র আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর বিতরণ করা হবে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী বুধবার এ তথ্য জানান।
তিনি জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রে হাজির হয়ে পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।
ভোটার নিবন্ধন তথ্য কেন্দ্রে (ফোন: ৯১১৬৯৭১ অথবা ০১৭১৩০০২০৫০৪) যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
ডিসিসিতে গত বছর ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়ে চলতি বছর ৩০ মে শেষ হয়। এরপর গত ২৭ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২২ থেকে ২৪ আগস্ট ডিসিসির বাদপড়া ভোটারদের ছবি তুলে ভোটার হবার সুযোগ দেয়া হয়।
নতুনদের নিবন্ধিত করার পর ডিসিসিতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ২৬ হাজার ৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১২২ঙ.
bdnews24