চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন স্থানে বোমা হামলার আরেকটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক জঙ্গিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম খুলশী থানায় করা বিস্ফোরক মামলাটির রায় দেন।
দণ্ডিত জাবেদ ইকবাল জেএমবির চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ছিলেন। রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
খুলশী থানাধীন জিইসি মোড়ে বোমা হামলার এ মামলার অপর দুই আসামি দেলোয়ার হোসেন জাহিদ ও আবু জরকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এদের মধ্যে জাহিদ পলাতক।
শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
এর আগে গত ৩১ আগস্ট হালিশহর থানায় করা মামলায় জাবেদসহ দুই জঙ্গিকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ আটটি স্থানে বোমা হামলা করেছিল তারা। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় খুলশী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। পরে ওই বছর ২১ নভেম্বর ছয়জনকে আসামি করে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌসুলি কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএমবি কমান্ডার জাবেদ চট্টগ্রামে এসে অন্য আসামিদের নিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন। আতাউর রহমান সানি এসএ পরিবহনের মাধ্যমে জাবেদের কাছে বিস্ফোরক পাঠান। পর জাবেদ ও অন্যরা ফিরোজ শাহ কলোনির একটি বাসায় বোমা তৈরি এবং জিইসি মোড়ে হামলা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৫৫৯ ঘ.
bdnews24