২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি রোধে তিন মন্ত্রণালয়ে মতবিনিময় করবে দুদক

প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে আগামী দুই মাসে ভূমি, স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে আগামী দুই মাসে ভূমি, স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল জানান, ভূমি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অক্টোবর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মতবিনিময় হবে। আর নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যোগাযোগ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। হানিফ ইকবাল বলেন, "প্রতিষ্ঠানে কীভাবে দুর্নীতির সৃষ্টি ও প্রসার ঘটেছে তা সরকারি কর্মকর্তারাই ভালো জানেন। আইনি ও কাঠামোগত কোন কোন দুর্বলতা দুর্নীতিকে উৎসাহিত করছে তাও তারা জানেন। এ অবস্থায় সরকারি কর্মকর্তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া দুর্নীতি বিরোধী কার্যক্রম সফল হবে না।" তিনি বলেন, "আমরা ব্যক্তি বিশেষের দুর্নীতি নিয়ে আলোচনা করব না। মতবিনিময়ের মূল লক্ষ্য দুর্নীতির ক্ষেত্র ও উৎস চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া।" মন্ত্রণালয়গুলোর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হবে। এতে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার সব কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অধিদপ্তরের সঙ্গে মতবিনিময়ের সময় দপ্তর প্রধান, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ শাখা পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন। মহাপরিচালক জানান, দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ওরফে সোনা রফিক, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম ও কেরানীগঞ্জের শুভড্ডা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়ার জন্য অনুমোদন করেছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২০১১ ঘ.