ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী ও নরসিংদীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ফেনীতে বাস ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চার জন এবং নরসিংদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী পিক আপের সংঘর্ষে নিহত হয় তিন জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফেনী প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১২টার দিকে মহিপালের ট্রমা সেন্টারের সামনে একটি বেবি ট্যাক্সির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবি ট্যাক্সিটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৪ জন মারা যায়।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরি দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি দুটি আটক করেছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটে শিবপুর উপজেলার কারারচরে ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নরসিংদী প্রতিনিধি।
শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রিফাত খান জানান, রাজিব সকাল ৯টার দিকে একটি কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী পিক আপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কারারচরের রবীন্দ্রনাথ বর্মন (৫৫) ও তার মেয়ে অর্চনা বর্মন (৩০) এবং চরসিন্দুর রানু বেগম (৫৫) নিহত হন। এ ছাড়ার আহত হন মো. আলতাফ হোসেন (৩৫), জীবন মিয়া (২২) ও জাকির হোসেন (৩০)। আলতাফ ও জীবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪০৫ ঘ.
bdnews24