ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের মধ্যাঞ্চলে (ব্রহ্মপুত্র-যুমনা অববাহিকা) আগামী তিন দিনের মধ্যে মাঝারি ধরনের বন্যা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
তবে পাউবো বলেছে, আগামী দু'য়েকদিনে বৃষ্টি কম হলে বন্যা হওয়ার আশঙ্কাও কমে যাবে।
রোববার মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডে এক সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হোসেন এ তথ্য দেন।
তিনি বলেন, "দেশের তিনটি নদ-নদীর অববাহিকায় গত তিন/চার দিন ধরে ভারি বৃষ্টি হয়েছে। উজানে পাহাড়ি ঢলের কারণেও নদীর পানি বাড়ছে। এ ধরনের অবস্থা তিনদিন অব্যাহত থাকলে দেশের মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বন্যা হতে পারে।"
নির্বাহী প্রকৌশলী জানান, বাংলাদেশের পূর্ব সীমান্তে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, আসাম ও মেঘালয় এবং উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গসহ ভারতের বিস্তীর্ণ এলাকা ও চীনের কিছু অংশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সেখানে কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হোসাইন শহীদ মোজাদ্দাদ ফারুক বলেন, "বন্যা আগতপ্রায়। এজন্য আমরা সবধরনের সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন এলাকায় ১০টি বিশেষ টিম ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন থেকে বন্যা সর্তকীকরণ কেন্দ্র সার্বক্ষণিক খোলা থাকবে।"
সংবাদ ব্রিফিংয়ে পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক লিয়াকত আল ফারুক, সচিব মোসাম্মাৎ সামসুন্নেছা, ইন্টারন্যাশনাল ওয়াটার মডেলিংয়ের নির্বাহী পরিচালক মো. এমাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসএনডি/এসকে/১৮৪৭ঘ.
bdnews24