ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "সব দলকে নির্বাচনে আনতে ইইউ সবপক্ষকে বোঝানোর চেষ্টা করছে।"
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে আগারগাঁওয়ে তার কার্যালয়ে দেখা করার পর ফ্রয়েন বলেন, "মুক্ত পরিবেশে সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু, সুন্দর নির্বাচন হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাতা সংস্থা ও বন্ধু হিসেবে বিষয়টি সব পক্ষকে আমরা বোঝানোর চেষ্টা করছি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''জরুরি অবস্থায় নির্বাচন করায় কিছু সমস্যা রয়েছে। জরুরি অবস্থায় নির্বাচন হলে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কিনা- তা বলার সময় এখনো হয়নি। নির্বাচনের কিছুদিন আগে ইইউ'র কেন্দ্রীয় নির্দেশনায় তা জানানো হবে।"
তিনি আরো বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জেনেছি, জরুরি অবস্থা রাখা বা না রাখার বিষয়টি ইসির আওতার মধ্যে নেই। সরকারকেই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরাও সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।"
সিইিসির সঙ্গে আলোচনার সময় স্টিফেন ফ্রয়েন ছবিসহ ভোটার তালিকায় প্রথমবারের মতো চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচন করায় ইসিকে ধন্যবাদ জানান।
বিকেল ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২০৩৫ ঘ.
bdnews24