২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধার প্রতিবাদে ২ সেপ্টেম্বর চার দলের সমাবেশ

ঢাকাসহ বিভিন্ন স্থানে মানববন্ধনে পুলিশি বাধার প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ বিভিন্ন স্থানে মানববন্ধনে পুলিশি বাধার প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি এবং চিকিৎসার জন্য তারেক রহমানকে বিদেশ পাঠানো না হলে আন্দোলনের আরো কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে চার দলীয় জোটের মানবন্ধন কর্মসূচি পালন শেষে ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন করে জোট নেতাকর্মীরা। কয়েকটি স্থানে পুলিশ লাঠিপেটা করে কর্মসূচি পালনকারীদের হটিয়ে দেয়। মতিঝিলে একদল যুবক বেশ কিছু গাড়ি ভাংচুর করে। মানববন্ধনে অংশ নিতে বুধবার বিকেলে খোন্দকার দেলোয়ারসহ চার দলের মহাসচিব ও নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে তারা প্রধান সড়কের পাশে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলেও শেষ পর্যন্ত তারা গেটের বাইরে বের হতে পারেননি। খোন্দকার দেলোয়ার পরে সাংবাদিকদের বলেন, "দমন-পীড়ন বা ভয় দেখিয়ে চার দলকে দমানো যাবে না। জরুরি অবস্থার অস্ত্র হাতে এ অবৈধ সরকার জনগণের অধিকার খর্ব করছে।" বিএনপি মহাসচিব দাবি করেন পুলিশি বাধার মুখেও সারাদেশে মানববন্ধন কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। কর্মসূচি সফল করায় জনগণকে অভিনন্দন জানান তিনি। ২ সেপ্টেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণার পাশাপাশি শুক্রবার বাদ জুমা খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য সারাদেশে দোয়া দিবস পালনের আহ্বানও জানান খোন্দকার দেলোয়ার। জাতীয় প্রেসক্লাবের সামনের কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার, এন আই খান প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময়ে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও তানভীর আহমেদ সিদ্দিকী নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধন করেন। তবে প্রবল বৃষ্টির কারণে কিছুসময় পরই তারা স্থান ছেড়ে যান। পরে বিএনপির ৩০ থেকে ৪০ জন কর্মী মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় চ্যানেল ওয়ানের একটি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে বিক্ষোভকারীরা। কল্যাণপুরে বিএনপির সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব হোসেনের নেতৃত্বে মানববন্ধন শুরু করলে পুলিশ লাঠিপেটা করে চারদলীয় জোট কর্মীদের হটিয়ে দেয়। এ সময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কাফরুল থানা বিএনপি সভাপতি আলী আজগর মাতব্বরসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আলী আজগরকে বাঁচাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অধ্যক্ষ সোহরাবের শার্ট ছিড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচিও পুলিশের বাধার মুখে পড়ে। কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থী জড়ো হয়ে সোহরাওয়ার্দীর উদ্যানে ভিতর দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের দিকে রওনা দেয়। রমনা পার্কের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এর পরে তারা মিছিল করে উদ্যানের ভেতর দিয়ে স্লোগান দিতে দিতে টিএসসি'র সামনে রাজু ভাষ্কর্যের সামনে জড়ো হয়। এদের মধ্যে এক দল মিছিল নিয়ে বৃষ্টির মধ্যে টিএসসিতে ঢুকে পড়ে। পরে আরেকটি মিছিল স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে গিয়ে আবার ফিরে আসে। ছাত্রদলের মিছিলে সংগঠনের নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ, আলীমুজ্জামান আলীম, জয়ন্ত কুণ্ডু, মোস্তফা খান সফরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় জোট নেতারা বৈঠক করে পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। গত ১৪ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করে চারদলীয় জোট। মঙ্গলবার রাতে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। চারদলীয় জোটের বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, "শত উস্কানির মধ্যেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন বাধা দেওয়া না হয়।" কর্মসূচিতে নিষেধাজ্ঞা অরোপ করার ব্যাপারে খোন্দকার দেলোয়ার বলেন, "অযথা এ ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সরকার বিএনপি ও চারদলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। আমরা অতীতেও এ ধরনের কর্মসূচি পালন করেছি। আজও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করব।" খালেদার জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত চারদলীয় জোট ধারবাহিক কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন খোন্দকার দেলোয়ার। খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চারদলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএনএস/জেএফ/এসএনডি/১৯০০ ঘ.