ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার বিকেলে মানববন্ধন করেছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। (আরও তথ্যসহ)
পুলিশি নিষেধাজ্ঞা ও প্রবল বৃষ্টির মধ্যেও জোট নেতাকর্মীরা মানববন্ধনের জন্য বিচ্ছিন্নভাবে জড়ো হয়। কয়েকটি স্থানে পুলিশ লাঠিপেটা করে কর্মসূচি পালনকারীদের হটিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মহাসচিব খোন্দাকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে শতাধিক জোট কর্মী মানববন্ধন শুরু করে।
তবে পুলিশি বাধায় তার প্রধান সড়কের পাশে দাঁড়াতে পারেননি।
একই সময়ে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও তানভীর আহমেদ সিদ্দিকী নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধন করে। তবে প্রবল বৃষ্টির কারণে কিছুসময় পরই তারা স্থান ছেড়ে যায়।
পরে বিএনপির ৩০ থেকে ৪০ জন কর্মী মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাদের হাটিয়ে দেয়। এ সময় চ্যানেল ওয়ানের একটি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে বিক্ষোভকারীরা।
কল্যাণপুরে বিএনপির সাবেক সাংসদ অধ্যাপক সোহরাব হোসেনের নেতৃত্বে মানববন্ধন শুরু করলে পুলিশ লাঠিপেটা করে চারদলীয় জোট কর্মীদের হটিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে।
কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থী জড়ো হয়ে সোহরাওয়ার্দীর উদ্যানে ভিতর দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের দিকে রওনা দেয়।
রমনা পার্কের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
এর পরে তারা মিছিল করে উদ্যানের ভেতর দিয়ে স্লোগান দিতে দিতে টিএসসি'র সামনে রাজু ভাষ্কর্যের সামনে জড়ো হয়। এদের মধ্যে এক দল মিছিল নিয়ে বৃষ্টির মধ্যে টিএসসিতে ঢুকে পড়ে।
পরে আরেকটি মিছিল স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে গিয়ে আবার ফিরে আসে।
ছাত্রদলের মিছিলে সংগঠনের নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ, আলীমুজ্জামান আলীম, জয়ন্ত কুণ্ডু, মোস্তফা খান সফরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় জোট নেতারা বৈঠক করে পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
গত ১৪ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করে চারদলীয় জোট। মঙ্গলবার রাতে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়।
চারদলীয় জোটের বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, "শত উস্কানির মধ্যেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন বাধা দেওয়া না হয়।"
কর্মসূচিতে নিষেধাজ্ঞা অরোপ করার ব্যাপারে খোন্দকার দেলোয়ার বলেন, "অযথা এ ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সরকার বিএনপি ও চারদলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। আমরা অতীতেও এ ধরনের কর্মসূচি পালন করেছি। আজও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করব।"
খালেদার জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত চারদলীয় জোট ধারবাহিক কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন খোন্দকার দেলোয়ার।
খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চারদলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএনএস/জেএফ/এসএনডি/১৮০০ ঘ.
bdnews24