২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধার মুখে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি'। মানববন্ধন পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন সমিতির নেতারা। সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে মানববন্ধন শুরুর সময় পুলিশ বাধা দেয়। তারা আমাদের ব্যানার কেড়ে নেয়। এমনি অবস্থায় আমরা মানববন্ধন করি।" শিক্ষকরা জানান, 'ব্র্যাকের প্যাকেজ প্রোগাম বাতিল কর, প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারকেই নিতে হবে' এই স্লোগান লিখে পোস্টার এবং দু'টি কালো ও একটি রঙিন ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ালে পুলিশ তা কেড়ে নেয়। এ ঘটনার নিন্দা করে সংগঠনের সভাপতি নুরুল আবছার বলেন, "নির্যাতন-নিপীড়ন চালিয়ে শিক্ষকদের পিছু হটানো যাবে না। সরকারি-বেসরকারি নির্বিশেষে সব শিক্ষক আজ ব্র্যাকের প্যাকেজ প্রোগ্রামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।" সরকারি প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটি বলছে, ব্র্যাক নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মান উন্নয়নে ব্যর্থ। সেক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নে তাদের দিয়ে সাফল্য অর্জনের প্রশ্নই আসে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ মার্চ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৩ মার্চের পৃথক আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করছে। মানববন্ধনের আগে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভায় সরকার এখন পর্যন্ত ব্র্যাকের প্যাকেজ কর্মসূচি বাতিল না করায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন বলে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় ব্র্যাকের প্যাকেজ কর্মসূচি বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ২ নভেম্বর অর্ধ-দিবস এবং ১৬ নভেম্বর নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত স্কুলগুলোতে কালো ব্যানার টানানোরও সিদ্ধান্ত হয়। সমিতির সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা কাজী আ কা ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, মুহিব উদ্দিন চৌধুরী, সাংঠনিক সম্পাদক আবুল বাসার প্রমুখ। অন্যদিকে জাতীয় স্কেলে বেতন ভাতার দাবিতে কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরণ অনশন' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারা সারাদেশের ৩৭৭৮টি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করার হুমকি দেয়। একই স্থানে দুপুরে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষককরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৮০৯ ঘ.