২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদণ্ড

সর্বোচ্চ তিন বছর সাজার বিধান রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ ২০০৮ বুধবার চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ তিন বছর সাজার বিধান রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ ২০০৮ বুধবার চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করলে, নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলে, ওজনে কারচুপি করলে, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকর্ষণ করা চেষ্টা হলে এ অধ্যাদেশ অনুযায়ী অপরাধ হিসেবে চি‎িহ্নত হবে।" এ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে প্রেস সচিব জানান। এ অধ্যাদেশের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ নামে একুশ সদস্যের একটি পরিষদ গঠন করা হবে। পরিষদের সভাপতি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী (উপদেষ্টা)। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও পরিষদের কমিটি থাকবে। এ অধ্যাদেশের আওতায় 'জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর' গঠন করা হবে। ভোক্তা বা ক্রেতারা অধিদপ্তরে নির্ধারিত ব্যক্তির কাছে অভিযোগ জানাতে পারবেন। এসব অভিযোগের বিচার করবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থাকবে ঢাকায়। এর দায়িত্বে থাকবেন একজন মহাপরিচালক। তিনি একুশ সদস্য বিশিষ্ট পরিষদের সদস্য সচিব হিসেবে কাজ করবেন। প্রতি তিন মাসে একবার কমিটির সভা বসবে। প্রয়োজনে জেলা পর্যায়েও অধিদপ্তরের কার্যালয় থাকবে। অধিদপ্তর প্রতি বছর ৩০ এপ্রিলের মধ্যে আগের বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব কাজের একটি প্রতিবেদন তৈরি করে তা পরিষদের কাছে পেশ করবে। একুশ সদস্যের পরিষদে সদস্য হিসেবে আরো থাকবেন বাণিজ্য সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, বাংলাদেশ মান নিয়ন্ত্রক সংস্থার (বিএসটিআই) মহাপরিচালক, বাংলাদেশ লিল্প ও বণিক সমিতির সভাপতি, কৃষি, শিল্প, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবরা, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ১৯৯৪ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করার প্রক্রিয়া শুরু হয়। বিগত সরকারগুলো এই আইন তৈরির জন্য একাধিক কমিটি গঠন করে এবং আইনের খসড়াও তৈরি করা হয়। এসব খসড়া একাধিকবার মন্ত্রীসভায় উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা পরিষদ গত বছর ১১ নভেম্বর এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। বুধবারের বৈঠকে উপদেষ্টা পরিষদ প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করেছে। ফাহিম মুনয়েম জানান, এই সংশোধনের মাধ্যমে প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের পর আপিলের সময় তিন মাসের পরিবর্তে চার মাস করা হয়েছে। লিবিয়া ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফাহিম মুনয়েম জানান, লিবিয়ার জনশক্তি বিষয়ক মন্ত্রী আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন। সে সময় দু'দেশের মধ্যে এ চুক্তি সাক্ষর হবে। এছাড়া বিচার বিভাগে কর্মরতদের পোশাক ভাতা সাড়ে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পুরো চাকরি জীবনে মোট ৫ বার এই পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/জেকে/এমএইচবি/২১৫৬ ঘ.