ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সঙ্গে আবার সংলাপে বসার আগে দলটির আলোচনার বিষয়বস্তু সুনির্দিষ্টভাবে জানতে চেয়ে বুধবার ফিরতি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) মঙ্গলবার আলাদা চিঠি দেয় আওয়ামী লীগ। চিঠিতে আলোচনার জন্য তারিখ ও সময় চাওয়া হয়।
ইসিকে দেয়া চিঠিতে বলা হয়, "ইসির সঙ্গে দুই দফা আলোচনার ফলাফল ও ইসির গৃহীত পদক্ষেপসমূহ এখনো আওয়ামী লীগের কাছে অজ্ঞাত। আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ও উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে ইসি ও আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি ও সুনির্দিষ্ট প্রস্তাব সম্পর্কে আওয়ামী লীগ খোলামেলা আলোচনা করতে চায়।"
আওয়ামী লীগের এ চিঠি পাওয়ার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বুধবার সাংবাদিকদের বলেন, "আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু জানতে চেয়ে আওয়ামী লীগকে ফিরতি চিঠি দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "তফসিল ঘোষণা ও উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেও আলোচনা হয়েছে। এবার আওয়ামী লীগের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেলেও তাতে সুনির্র্র্দিষ্ট এজেন্ডা নেই। আওয়ামী লীগ সুনির্দিষ্ট এজেন্ডা জানালে সে বিষয়ে কমিশন তার অবস্থান তুলে ধরতে পারবে।"
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "যে কেউ আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। আমাদের দ্বার উন্মুক্ত।"
আওয়ামী লীগের চিঠি পরিপ্রেক্ষিতে আলোচনার সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
নির্বাচন কমিশন এর আগে ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাবনা নিয়ে গত বছর সেপ্টেম্বর থেকে এ বছরের ফেব্র"য়ারি পর্যন্ত দুই দফা সংলাপ করে। এর মধ্যে গত ৪ নভেম্বর ও ২৫ ফেব্র"য়ারি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24