ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ, নাটোর ও ফরিদপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ-শেরপুর সড়কে একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে তিনজন মারা যান। আহত হন আরও তিনজন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে নাটোর-পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
ফরিদপুর শহরতলীর হারোকান্দি এলাকায় বাস চাপায় মারা গেছে দুজন মোটরসাইকেল আরোহী।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী মারা যান। এরা হলেন- সিলেটের শ্যামারচর গ্রামের রান্টু নাথ (২২) ও কুট্টাপাড়া দক্ষিণ সুরমার শোভন দেবনাথ (৩৪) ও নবীগঞ্জ উপজেলার নহরপুর গ্রামের মামুন মিয়া (৩০)।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শিবলু শেখর চৌধুরী জানান, সিলেটের কেবিআই নামের একটি ছাপাখানার কয়েকজন কর্মচারি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে নবীগঞ্জে আসার পথে দুর্ঘটনার শিকার হন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নেওয়ার পথে মারা যান।
আহত তিনজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন- গাইবান্ধার বাসিন্দা ও নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মচারি তোফাজ্জল হোসেন (৪৮)।
বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ তোফাজ্জলের পরিবারের উদ্বৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ছয়টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বনপাড়ার নিজের বাড়ি থেকে বের হন তোফাজ্জল।"
এরপর পথচারীরা রাস্তায় তার মৃতদেহ দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কি ধরনের গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে তোফাজ্জল মারা গেছেন তা জানা যায়নি বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে প্যারাগত পবিরহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (ফরিদপুর হ ১১-২০৪৯) চাপা দেয়। বাসটি (গোপালগঞ্জ জ ১১-০০০১) ফরিদপুর যাচ্ছিল।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তারা মারা গেছেন।
নিহতরা হলেন- জেলার নগরকান্দার উপজেলার কোদালিয়া শহীদনগর গ্রামের আলী আকবর (৩৫) ও কাশেম (৩০)।
ফরিদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়েকুজ্জামান জানান, পুলিশ বাস আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24