২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সত্যিকারের' জনপ্রতিনিধি নির্বাচন করতে মইনের আহবান

জাতীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আগামী সংসদ নির্বাচনে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আগামী সংসদ নির্বাচনে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদ। সোমবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক সভায় তিনি বলেন, "হাওড় অঞ্চলে দীর্ঘ ৩৭ বছর উন্নয়ন হয়নি। এ বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।" দুপুরে হেলিকপ্টারে জেনারেল মইন ইটনায় পৌঁছান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনা বাহিনী পরিচালিত সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৬টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নৌ অ্যাম্বুলেন্স স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন । জনসংখ্যা সমস্যা সমাধানে শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে মইন উ আহমেদ বলেন, "এ সমস্যা এখন দেশের বড় সমস্যা। সরকারের পাশাপাশি শিক্ষিত সমাজকে এ কাজে যুক্ত হতে হবে।" সেনা প্রধান হাওড় এলাকায় একটি ফসলের পাশাপাশি শাক-সবজি ও জাল ব্যবহার করে মাছ চাষের জন্য হাওড়বাসীদের পরামর্শ দেন। তিনি বলেন, "ইটনা হাওড় এলাকা। এখানে বছরে মাত্র একবার ফসল হয়। এখানকার মানুষদের বছরের অন্য সময়গুলোতে শাক-সবজি চাষে মনোযোগী হতে হবে।" এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এ কে এম মোজাহিদ, জেলা প্রশাসক সোলতান আহমেদ, পুলিশ সুপার মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা আবদুল হকসহ সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/টিএইচ/জিএনএ/১৭২২ ঘ.