২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির মতো বিতর্কে এবারের নির্বাচন ব্যাহত হবে না : সিইসি

বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনে যেসব বিষয়ে বিতর্ক হয়েছিল সেসব কারণে আর নির্বাচন ব্যাহত হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনে যেসব বিষয়ে বিতর্ক হয়েছিল সেসব কারণে আর নির্বাচন ব্যাহত হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত 'জাতীয় সংসদ নির্বাচন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা' শীর্ষক সভায় তিনি এ কথা জানান। সিইসি শামসুল হুদা বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্সকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোনভাবেই ব্যাহত হবে না। বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচন এসব ইস্যুতেই অকার্যকর হয়েছিল।" বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন- এ মন্তব্য করে তিনি বলেন, "কমিশন যেসব সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে তা সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হলে আগামী সরকার এসেও এসব আইন বদলাবে না।" সিইসি শামসুল হুদা কমিশনকে নিরপেক্ষ দাবি করে বলেন, "আমরা সব সময় স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করেছি। আমাদের কাজে কেউ হস্তক্ষেপ করেনি। কিন্তু কমিশনের সিদ্ধান্তে কারো স্বার্থে আঘাত লাগলেই আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।" একইসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রণীত আচরণবিধি সঠিকভাবে পালিত হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, "আচরণবিধি সবাই মানছে এটি দৃশ্যমান। তবে রাতের আঁধারে কিছু হলে তা ইসির পক্ষে ঠেকানো সম্ভব নয়।" এজন্য ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা উচিত বলে অভিমত দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামচেম এর সভাপতি সৈয়দ আরশাদ আহমেদ, মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি, অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/১৬৩৮ঘ.