২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যশোর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে হত্যার একদিন পর শনিবার ভোরে যশোরের চৌগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

যশোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে হত্যার একদিন পর শনিবার ভোরে যশোরের চৌগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। নিহতরা হলেন- চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের নজির আলীর ছেলে রেজাউল ইসলাম (৩২) ও ভদু মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৩৫)। নয়াদিল্লিতে যখন ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে তখন সীমান্তে বিএসএফ এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিডিআরের হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮) নিহত হন। শুক্রবার বিকেলে বিডিআর ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠক করে। বৈঠকে বিডিআর ভারতের কাছে এ ঘটনার যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে। চৌগাছা সীমান্তে কোন রকম উষ্কানি ছাড়াই বিএসএফ সদস্যরা গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা করেছে বলে জানিয়েছেন বিডিআরের যাদবপুর কোম্পানি কমান্ডার মোশাররফ হোসেন। মোশাররফ হোসেনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একজন সাংবাদিক জানান, রেজাউল ইসলাম ও জয়নাল আবেদীন ভোর ৫টার দিকে পাঁচপীরতলা সীমান্ত এলাকায় কাটাতারের কাছে অবস্থান করছিল। এ সময় ভারতের মশরুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। ওই সাংবাদিক আরও জানান, গুলির শব্দ শুনে চৌগাছার কুলিয়া ও পাঁচপীরতলা সীমান্তে টহলরত বিডিআর সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে বিএসএফ তাদের লাশ টেনে হিঁচড়ে ভারতে নিয়ে যায়। এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিডিআর টহল জোরদার করা হয়েছে। যশোর ৩২ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে চৌগাছা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। তিনি জানান, বৈঠকে নিহত দুজনের লাশ ফেরত চাইলেও বিএসএফ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬২৫ ঘ.