ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি ও খিলক্ষেত থানা পুলিশ মঙ্গলবার দু'টি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত একজনের পরিচয় জানা যায়নি।
খিলক্ষেত থানার উপ পরিদর্শক মো. উজ্জ্বল শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে উত্তর নামাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে থেকে স্বপন কুমার বারই (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গত ১৩ জুলাই থেকে নিখোঁজ ছিলেন স্বপন।
তিনি জানান, এ ঘটনায় স্বপনের বড় ভাই দুলাল বারই চারজনকে আসামি করে মামলা করেছেন। এর পরপরই পুলিশ মামলার আসামি ওবায়েদ, তাজুল ইসলাাম, মো.আলি ও সানাউল্লাহকে গ্রেপ্তার করে।
নির্মাণাধীন বাড়িটির দরজা জানালা তৈরির ঠিকাদারি কাজ নিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে দুলাল বারই অভিযোগ করেছেন।
এদিকে, মঙ্গলবার সকালে যাত্রাবাড়ি থানা পুলিশ ঢাকা ডেমরা সড়কের মৃধাবাড়ি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় দিকে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিঘাতের চিহ্ন রয়েছে। প্যান্ট, শার্ট পরা নিহত ব্যক্তির গায়ে একটি রেইনকোটও ছিল।
পুলিশের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় ছিনতাইকারিরা তাকে হত্যা করে মটর সাইকেল নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১০২ ঘ.
bdnews24