খুলনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ করেন চারজন। বিএনপি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি ও রাজনৈতিক সামাজিক আন্দোলন করেন আটজন। স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।
৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮১ জন, সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে শান্তিপূর্ণভাবে নগরীর শেরে বাংলা রোডের খুলনা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মো. মোহসিন আলী সাংবাদিকদের বলেন, "মেয়র পদে ১৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮১ জন ও সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।"
তিনি জানান, আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির ও আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী।
বিএনপি থেকে খুলনা মহানগর বিএনপির (দাদু-মঞ্জু) সাংগঠনিক সম্পাদক (খালেদাপন্থী) ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মণি ও জাতীয় পার্টি থেকে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপির সদস্য মশিরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা মহানগরের সাবেক সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, মুসলিম লীগের খুলনা মহানগর সভাপতি সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম, পিডিপির নগর আহ্বায়ক অধ্যক্ষ আমজাদ খান মজলিস, বাংলাদেশ কল্যাণ পার্টির জেলা সমন্বয়কারী শরীফ শফিকুল হামিদ চন্দন ও রাজনৈতিক সামাজিক আন্দোলনের নগর সমন্বয়কারী এস এম কামরুল আলম মিন্টু।
স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে তৈয়াবুর রহমান, এস এম হাফিজুর রহমান, মো. রেজাউর রহমান ও অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র কিনলেও জমাদানের শেষ দিন বৃহস্পতিবার দু'জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হলেন- ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জাকির হোসেন।
মনোনয়নপত্র জমাদান শেষে আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, তিনি নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, তিনি নাগরিক সমাজের ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকার স্থলে তিন লাখ টাকা হলে ভাল হতো বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনী আইন সম্পর্কে তিনি কমিশনের ভূমিকাকে ইতিবাচক বলে সন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24