২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নেয়ার আইনগত বৈধতা এনসিসির নেই: মতিন

গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) নতুন মামলা নেয়ার আইনগত বৈধতা নেই বলে মন্তব্য করেছেন কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্র ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

সংশোধিত ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) নতুন মামলা নেয়ার আইনগত বৈধতা নেই বলে মন্তব্য করেছেন কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্র ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন। মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বড় কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে এনসিসি তদন্ত করবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আমি আগেও বলেছি, এটি একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে র্দুর্নীতি দমন কমিশন রয়েছে। তারাই করবে। আমরা নতুন কোনো মামলা এনসিসিতে নিচ্ছি না। এর কোনো আইনগত বৈধতাও নেই।" এম এ মতিন জানান, এনসিসি এ পর্যন্ত মোট ৪৮৮টি অভিযোগের ব্যাপারে অনুসন্ধান ও তদন্ত করে মামলা দায়েরের জন্য কমিশনের কাছে হস্তান্তর করেছে। এসব মামলার মধ্যে ৬৫টির নিষ্পত্তি হয়েছে। বাকিগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। বিএসসি'র বোর্ড সভা প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও দুর্ঘটনা রোধে সরকার তিনটি কমিটি করেছে। কমিটিগুলোকে তদারকি ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। তবে এ কাজের জন্য যথেষ্ট জনবল নেই জানিয়ে তিনি বলেন, মাত্র চারজন পরিদর্শক বিষয়টি তদারকি করছেন। তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধাও দেয়া যাচ্ছে না। এম এ মতিন জানান, জনবল সঙ্কটের কারণে সরকার সব লঞ্চের ফিটনেস সনদও দিতে পারছে না। তবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও চাঁদপুর রুটে লঞ্চ চলাচলের ক্ষেত্রে ফিটনেস সনদ অত্যাবশ্যক করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শেখ এনায়েতুল্লাহ ও বিএসসি'র চেয়ারম্যান গোলাম রাব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এমএইচবি/২১৪৪ ঘ.