ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিন নগরে মঙ্গলবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ ফেলে যানবাহনে লুটপাট চালিয়েছে ডাকাতরা।
ডাকাতদের অস্ত্রের আঘাতে ট্রাক চালক আলী নূর (৪৪) ও তার সহকারী মো. নূর ইসলাম আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলী নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে আজ (মঙ্গলবার) ভোর রাতে ১২/২০ জন হাফ প্যান্ট পরা ও মুখোশধারী ডাকাত গাছ কেটে মহাসড়ক অবরোধ করে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে। ডাকাতদের টাকা না দিতে চাইলে তারা আমাদের দুজনকে চুরি দিয়ে আঘাত করে।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, "ডাকাতির কিছুণ পর পুলিশের একটি ভ্রাম্যমাণ দল মহিউদ্দিন নগরে অভিযান চালিয়ে এমদাদ (২০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে লুটের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।"
তিনি জানান, এমদাদকে আজই (মঙ্গলবার) আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫২৮ ঘ.
bdnews24