ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা কারাবন্দি আব্দুস সালাম পিন্টুসহ আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ মামলায় সিআইডি পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে সোমবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত আগামী ২৪ জুলাই পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
অভিযোগপত্রে দেখানো পলাতক আট আসামি হচ্ছে- আব্দুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দিন, মোরছালিন, মোত্তাকিম, খলিল, জাহাঙ্গীর ওরফে বদর, ইকবাল, সেলিম ও মাওলানা লিটন।
এর মধ্যে জঙ্গি মোরছালিন ও মোত্তাকিম- এ দুই ভাই ভারতে গ্রেপ্তার হয়ে বিহারের কারাগারে রয়েছে। আব্দুস সালাম পিন্টুকে কিছুদিন আগে পুলিশ গ্রেপ্তার করে।
ঘটনার প্রায় চার বছর পর দেওয়া অভিযোগপত্রে ২২ জনকে আসামি করা হয়। এদের মধ্যে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।
তবে অভিযোগপত্রে ২৮ জনের নাম থাকলেও এর মধ্যে দুই জন মারা যাওয়ায় এবং চার জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদের নাম আসামির তালিকায় রাখা হয়নি।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবীর আদালতে হাজির হন। অভিযোগপত্র গ্রহণের আগে বিচারক আজিজুল হক তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, এ মামলায় অভিযোগপত্রে উল্লিখিত ওমর ফারুক, শুভ, ফেরদৌস ও বাবুকে অব্যাহতি দেওয়ার আবেদন যথাযথ আইনি পন্থায় করা হয়েছে কিনা।
তখন তদন্ত কর্মকর্তা বলেন, ওই চার জনের পূর্ণ নাম-ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।
আদালত এ অভিযোগপত্র গ্রহণের ফলে ওই ঘটনায় গ্রেপ্তার জজ মিয়া, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানসহ ২০ জন আনুষ্ঠানিকভাবে এ মামলা থেকে অব্যাহতি পেলেন।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েকশ জন আহত হন।
হামলার পরদিন মতিঝিল থানার তখনকার উপ-পরিদর্শক শরিফ আহমেদ একটি মামলা করেন। এর তদন্তের দায়িত্ব প্রথমে দেওয়া হয় মতিঝিল থানার উপ-পরিদর্শক আমির হোসেনকে। পরে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামসুল ইসলামকে। এরপর তদন্তের দায়িত্ব পান সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ ও মুন্সি আতিকুর রহমান। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারক করেন। সর্বশেষ ২০০৭ সালের ২২ আগস্ট এ মামলার তদন্তভার দেওয়া হয় ফজলুল কবীরকে।
ফজলুল কবীর তদন্তের দায়িত্ব নেওয়ার আগে ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং ১৬৪ ধারায় তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল। কিন্তু ফজলুল কবীরের তদন্তে হামলায় ওই ২০ জনের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
হামলার কিছুদিন পর জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়, সুব্রত বাইন প্রমুখ গ্রেনেড হামলার মূল হোতা। তখন বিষয়টি সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'সাজানো' বলে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
পরবর্তী সময়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর গ্রেনেড হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। এর প্রোপটে নতুন করে মামলার তদন্ত শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24