ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কমলাপুর রেলস্টেশন রোডের আবাসিক হোটেল সী -ল্যান্ডের একটি কক্ষ থেকে মতিঝিল থানা পুলিশ শনিবার পরিতোষ দত্ত (৬৫) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে।
মতিঝিল থানার সহকারি উপপরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই হোটেলের ৪০৭ নম্বর কক্ষ থেকে পরিতোষ দত্তের লাশ উদ্ধার করে।
হোটেলের ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, পরিতোষ দত্ত সকালে কলিং বেল টিপ দিলে একজন বয় কক্ষে গিয়ে সোফায় বসা অবস্থায় তাকে হাঁপাতে দেখে। পরে ওই বয় "কি হয়েছে স্যার" জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি। বয়ের কাছ থেকে খবর পেয়ে ম্যানেজার কক্ষে ছুটে যান। কিন্তু তিনি পরিতোষ দত্তকে নিস্তেজ অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।
নজরুল ইসলাম জানান, পরিতোষ দত্ত শুক্রবার ঢাকায় এসে ওই হোটেলে ওঠেন। ভারতের কলকাতার কড়ইপুর থানার বিদ্যাশ্বর পল্লীতে তার বাসা। তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএ/১৯১৬ ঘ.
bdnews24