২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দুর্নীতি আর রাজনীতিকে গুলিয়ে ফেলেছে: মেনন

'হাওয়া ভবনের দুর্নীতিবাজরা' জনগণের সহানুভূতি পেতে পারে না- এ কথা উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি আর রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

রংপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'হাওয়া ভবনের দুর্নীতিবাজরা' জনগণের সহানুভূতি পেতে পারে না- এ কথা উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি আর রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেলেছে। তিনি বলেন, "হাওয়া ভবনের দূর্নীতিবাজরা জনগণের সহানুভূতি পেতে পারে না। ওই ভবনের দূর্নীতির দায় জনগণ নেবে না। বর্তমান সরকার দূর্নীতি আর রাজনীতিকে সমার্থক করে ফেলেছে বলেই ওই দূর্নীতিবাজরা দাবি করছে তারা কোন অন্যায় করেনি।" বৃহস্পতিবার বিকেলে রংপুর শহরের মহিলা অঙ্গনে পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন। তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের দূর্নীতিপরায়ণ ও জঙ্গিবাদী শাসন জনগণের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল। সেই শাসন টিকিয়ে রাখতেই বিএনপি-জামায়াত চক্র চক্রান্ত করেছিল নির্বাচন নিয়ে। তাদের মুখে এখন বড় বড় বুলি মানায় না।" মেনন বলেন, "দেশে ভূমি নিয়ে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে। খাস জমির ওপর ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় আইন থাকলেও তা কার্যকর হয়নি।" রংপুর জেলা ওয়ার্কাস পার্টির প্রবীণ নেতা অসিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ, নজরুল ইসলাম হাক্কানী, সিরাজুল, জেলা সম্পাদক মাজেরুল ইসলাম লিটন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.