ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা ও ফরিদপুর জেলায় এক কিশোরসহ তিন জনকে হত্যা করা হয়েছে। পাবনায় আবু সাইদ (১৬) ও দোরজান আলী (৩৩) নামে দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়। ফরিদপুরে শ্বাসরোধে হত্যা করা হয় আব্দুল মান্নান (৪০) নামে এক ব্যক্তিকে। পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, পুলিশ বুধবার সকালে ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম থেকে আবু সাইদের লাশ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার রাতে আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রাম থেকে উদ্ধার করা হয় দোরজান আলীর লাশ।
দুই জনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী।
তিনি বলেন, আবু সাইদকে পূর্ব শত্র"তার জের ধরে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আর দোরজান আলী চরমপন্থীদের হাতে খুন হতে পারেন।
দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ইব্রাহীমদী গ্রাম থেকে আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে মান্নানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার ভাই শেখ চান মিয়া অভিযোগ করেছেন। তিনি আট জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলাও দায়ের করেছেন।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলাম নামে এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.
bdnews24