২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচার রোধে পুলিশের বিশেষ ইউনিটের যাত্রা শুরু মঙ্গলবার

মানব পাচার রোধ এবং এ সংক্রান্ত মামলা তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের মঙ্গলবার এ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব পাচার রোধ এবং এ সংক্রান্ত মামলা তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের মঙ্গলবার এ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কারিগরী সহায়তায় এবং ইউরোপীয় কমিশনের অর্থায়নে পুলিশের এই বিশেষায়িত দলটি গড়ে তোলা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল জলিলের নেতৃত্বে প্রাথমিকভাবে ১২ সদস্যের একটি দলকে এ কাজের জন্য তৈরি করা হয়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েনাসহ বেশ কয়েকটি দেশে মানব পাচার রোধের ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছেন তারা। আপাতত সিআইডির প্রধান কার্যালয়ে ইউনিটের দপ্তর স্থাপন করা হয়েছে। বিভিন্ন আধুনিক সরঞ্জামও কেনা হয়েছে দলটির জন্য। পরে প্রয়োজন অনুযায়ী ইউনিটের সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, "পিআরপি এ ইউনিটকে কারিগরী সহায়তা দিচ্ছে। ইউরোপীয় কমিশন ইতোমধ্যে সাজ-সরঞ্জামের জন্য ২০ লাখ ইউরো (প্রায় ২১ কোটি টাকা) দিয়েছে।" এ ইউনিট কাজ শুরু করলে দেশে মানব পাচারের হার অনেক কমে আসবে বলে আশা প্রকাশ করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ এই ইউনিটের প্রধান আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানব পাচারের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। এখান থেকে ভারত ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে নারী ও শিশুদের পাচার করা হয়। এছাড়া প্রয়োজনীয় তথ্য প্রমাণের অভাবে মানব পাচারের অধিকাংশ মামলায় আসামিদের শাস্তি হয় না। কিন্তু বিশেষায়িত এ দলটি কাজ শুরু করলে আসামিদের পার পাওয়ার সুযোগ অনেক কমে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১৪৫ ঘ.