কিশোরগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে তাড়াইল উপজেলায় সোমবার ভোরে রিয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রিয়াজের বাড়ি তাড়াইল উপজেলার ভেইয়ারকোনা গ্রামে। তিনি ঘটক ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রিয়াজ উদ্দিন সোমবার ভোরে ফজরের নামাজ পরে বাড়ি থেকে বের হয়ে মোজাফফরপুর বাজারে যাওয়ার সময় পথিমধ্যে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাকে হত্যা করে। সকালে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, রিয়াজ উদ্দিনের গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রিয়াজের প্রতিবেশী রুস্তম আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫৫), ওয়াহাব (৫০), লতিফ (৪৫) ও তাহের উদ্দিনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
হত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু না জানাতে পারলেও ওসি মশিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিহতের পরিবারের বিরোধ ছিল। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে কিন না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত রিয়াজ উদ্দিন গ্রামের বিরোধের জের ধরে সঙ্ঘটিত একটি হত্যা মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24