সাভার, জুন ১৫ (বিডিনিউজ টোন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে রোববার বাস চাপায় মারা গেছে অজ্ঞাত পরিচয় এক মহিলা (৪০)। এ সময় তার মেয়ে ঝর্না (৪) আহত হয়। এরপর বাসটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে এবং হানিফ এন্টারপ্রাইজের কয়েকটি বাস ভাংচুর ও একটি বাস পুড়িয়ে দিয়েছে।
আহত শিশুটিকে স্থানীয় পপুলার মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাইক্রোবাসের যাত্রীদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
সাভার থানার উপ-পরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের কাঁচা বাজার থেকে অজ্ঞাত এক মহিলা তার মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার মেয়ে আহত হয়।
তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তিনি জানান, বিক্ষুব্ধ জনতা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় হানিফ এন্টারপ্রাইজের ২/৩ টি বাস ভাংচুর এবং একটি বাস জ্বালিয়ে দেয়।
গাড়িতে আগুন লাগানোর অভিযোগে পরিবহন শ্রমিকরা মোস্তফা নামে একটি ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ঝর্নাও পুলিশ হেফাজতে আছে। ঝর্না শুধু বলতে পারে তার বাবার নাম ইসমাইল।
এর আগে ৭ জুন আশুলিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একজন পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি ভাংচু করে। এ ঘটনার আগে ৩ জুন সাভারে আরেকজন পোশাক শ্রমিক আহত হন। তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর শ্রমিক চার ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে এবং ব্যাপক ভাংচুর চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24