২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় একজন খুন, গাজীপুর ও চাঁদপুরে দুটি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার দ'ুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি থেকে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গাজীপুরে নিখোঁজ হওয়ার আটদিন পর উদ্ধার করা হয়েছে এক শিশুর লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার দ'ুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি থেকে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গাজীপুরে নিখোঁজ হওয়ার আটদিন পর উদ্ধার করা হয়েছে এক শিশুর লাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরের উরখুলিয়া গ্রামে শুক্রবার দুই দলের সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এ সময় অন্তত ১০টি বাড়ি ভাঙচুর হয়। নিহতের নাম সফর আলী (৩৫)। আহতদের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ১৪ জনকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মাতব্বর হামিদ মিয়াকে গ্রেপ্তার করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, পূর্ব শত্র"তার জের ধরে গ্রামের হামিদ মিয়া ও মালেক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষই বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে আবদুস সালাম জানান। এ ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে হামিদ মিয়াসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় সাড়ে তিনশ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেছেন। উরখুলিয়া গ্রামের আবদুল আওয়াল জানান, গত ২৬ বছরে হামিদ মিয়া ও মালেক মিয়ার লোকজনের মধ্যে লোকজনের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৮ জন মারা গেছে। চাঁদপুর: শাহরাস্তি গেটের সুচিপাড়া এলাকা থেকে শুক্রবার ফুল মিয়া (৩৮) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আফছার ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে ফুল মিয়াকে হত্যা করা হয়। পকেটে থাকা একটি রশিদ থেকে তার পরিচয় জানা গেছে। ফুল মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলায়। ওই পুলিশ কর্মকর্তা জানান, ফুল মিয়ার মাইক্রোবাসটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর: গলার চেন ও কালের দুল আত্মসাতের জন্য খুন করা হয়েছে মারুফা (৫) নামের এক শিশুকে। নিখোঁজ হওয়ার আটদিন পর বৃহস্পতিবার রাতে পুলিশ তার গলিত দেহ উদ্ধার করে। এলাকাবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, গত ৫ জুন মারুফা নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন তার বাবা তৈয়ব বাদী হয়ে প্রতিবেশি আফসারউদ্দিনের মেয়ে খাদিজা (১৬), আব্দুস শহিদের ছেলে ইলিয়াস (২০) এবং চাঁন মোল্লার ছেলে খলিলকে (২৫) আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা করেন। মুজিবুর রহমান জানান, নিখোঁজ হওয়ার আগে খাজিদার সঙ্গে মারুফাকে দেখা গেছে এমন তথ্য পেয়ে খাদিজাকে আটক করা হয়। পরে খাদিজার স্বীকারোক্তি অনুযায়ী তাদের (খাদিজা) বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার রাতে মারুফার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খাদিজা বলেছে, গলার চেন ও কালের দুল আত্মসাতের জন্য মারুফাকে খুন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২০ ঘ.