ঢাকা, জুন, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির দুই প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করে।
পাশাপাশি এই তিনজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এক সপ্তাহের মধ্যে তাদের এর কারণ দর্শাতে বলা হয়েছে।
প্রতিবেদক দুজন হচ্ছেন টিপু সুলতান ও ইফতেখার মাহমুদ।
গত ২৪ মে প্রথম আলোতে 'জেলা জজ পদোন্নতির ক্ষেত্রে ষোলজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ' এবং গত ৪ জুন 'জেলা জজ পদে পদোন্নতিতে বিতর্কিতদের নামের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদন দুটি আদালত অবমননাকর বলে দাবি করে ৮ জুন অ্যাডভোকেট জিয়াউর রহমান হাইকোর্টে আবেদন করেন।
তার পক্ষে শুনানিতে ড. কাজী আখতার হামিদ বলেন, বিচারকদের পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট বৈঠকে। ওই বৈঠকে পদোন্নতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যথাযথভাবে। কিন্তু জনসাধারণের কাছে আদালতের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই প্রতিবেদন দু'টি প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালত অবমাননা আইনের ৪ (ক) ধারা অনুযায়ী জনশৃঙ্খলা বা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রুদ্ধদ্বার কক্ষে নেওয়া আদালতের কার্যধারা বিষয়ে তথ্য বা প্রতিবেদন প্রকাশ করলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। তাই প্রতিবেদন দু'টি আদালত অবমাননাকর। প্রথম আলোর সম্পাদক ও দুই প্রতিবেদক আদালত অবমাননা করেছেন।
আদালত অবমাননার এ আবেদনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদকে পক্ষভুক্ত করা হয়েছে। তবে আদালত তার বিরুদ্ধে কোন রুল জারি করেন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৮২৬ ঘ.
bdnews24