ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে একটি ব্যাখ্যা দিয়েছে এজন্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ব্র্যাক কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয় নিয়ন্ত্রণ নয়, শিক্ষার মান উন্নয়নে কাজ করবে সংস্থাটি।
শুক্রবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা প্রাথমিক শিক্ষার বেসরকারিকরণ বা বাণিজিকীকরণে বিশ্বাস করে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নেই কাজ করতে চায় ব্র্যাক।
সম্প্রতি দেশের ৯টি জেলার ২০টি উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের সঙ্গে যৌথভাবে পাইলট প্রকল্প হাতে নেয় ব্র্যাক। কিন্তু এর বিরোধিতা করে গত ৫ জুন এক ঘণ্টার কর্মবিরতি পালন করে সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশ।
ওইদিন সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'কোনো অবস্থাতেই' তারা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ নেবেন না।
এদিকে, ব্র্যাকের জনসংযোগ কর্মকর্তা এম আনোয়ারুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানোসহ সার্বিকভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।"
সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশের কর্মবিরতি পালন বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ব্র্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গত তিন বছরে ব্র্যাক শেরপুর জেলার ছয়টি উপজেলায় সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে এ কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় দেশের ২০টি উপজেলায় নতুন পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএ/এসএনডি/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24