চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মেট্রোপলিটন হাসপাতালে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন তার স্বজনরা।
শনিবার রাতে শহীদুল ইসলাম (২৫) নামে বাকলিয়ার এই ব্যবসায়ীর মৃত্যুর পর হাসপাতালের সব চিকিৎসক ও কর্মী পালিয়ে যান। চার ঘণ্টার বেশি সময় তারা হাসপাতালে ছিলেন না। পরে হাসপাতাল উর্ধ্বতন কর্মকর্তারা এসে মৃতের স্বজনদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করেন।
নগরীরর জিইসি মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালের পরিচালক (চিকিৎসা) ডা. ফরিদুল আলম ভুল চিকিৎসা বা চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তবে কবে নাগাদ কমিটি গঠন ও কাজ শুরু করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।
মৃত শহীদুলের আত্মীয় মো. জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, শুক্রবার রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শহীদুলকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভুল চিকিৎসা এবং চিকিৎসকদের গাফিলতির কারণে তাদের রোগীর অকাল মৃত্যু হয়েছে। শহীদুল তার পরিবারের সাবানের ব্যবসা দেখাশুনা করতেন।
তিনি দাবি করেন, "রাত দশটার কিছু সময় পরে শহীদুলকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এসময় রোগীর অবস্থা ভাল- তিনি ঘুমিয়ে আছেন বলে চিকিৎসকরা আমাদের জানান। কিন্তু ঘন্টা খানেক পরেও রোগীর শ্বাস প্রশ্বাসের কোন চিহ্ন না পাওয়ায় এবং শরীর ঠাণ্ডা হয়ে যাওয়ায় আমরা চিকিৎসকদের খুঁজতে গিয়ে কাউকে পাইনি। রাত আড়াইটা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কেউ সেখানে আসেননি।"
ক্ষুব্ধ জয়নাল ও মৃতের ভগ্নিপতি জানে আলম বলেন, চিকিৎসকদের কাছ থেকে এমন ব্যবহার তারা আশা করেননি। তাদের সামান্য অবহেলার কারণে তরুণ একটি প্রাণ ঝরে গেল বলে তারা অভিযোগ করেন।
আর কারও স্বজন যাতে এভাবে মারা না যান সেজন্য এর একটি বিহিত হওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
জয়নাল দাবি করেন, রাত আড়াইটার দিকে হাসপাতালের কয়েকজন পরিচালক এসে নিজেদের মধ্যে আলোচনা শেষে তাদের সাথে বৈঠক করেন। এসময় তারা ভুল চিকিৎসা ও হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে তাদের কাছে স্বীকারোক্তি করে দুঃখ প্রকাশ করেন। এসব আলোচনা ও স্বীকারোক্তি তার মোবাইল ফোনে রেকর্ড করা রয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, এরপর তারা লাশ নিয়ে বাড়ি ফিরে যান। তবে তারা কোন মামলা দায়ের করবেন না।
মেট্রোপলিটন হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গোলমাল হচ্ছে- এমন সংবাদ পেয়ে কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. জাকির শনিবার রাত একটার দিকে সেখানে যান। এ সময় তিনি কোন চিকিৎসক ও কর্মীকে দেখতে পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এ হাসপাতালে চিকিৎসাধীন অপর এক রোগীর আত্মীয় মো. জাহেদ জানান, রাত দেড়টার দিকে তিনি চিকিৎসক ও নার্সদের কাউকে খোঁজে পাননি।
হাসপাতালের পরিচালক (চিকিৎসা) ডা. ফরিদুল আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোগীর মৃত্যুর পেছনে হাসপাতালের কারও কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, রোগী মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা উত্তেজিত হয়ে পড়ায় হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা ভয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গিয়েছিলেন। পরে রাত আাড়াইটার দিকে উর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দেন বলে তিনি জানান।
ভুল চিকিৎসার বিষয়ে তিনি বলেন, রোগীটি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। একইসঙ্গে তিনি মাদকাসক্ত থাকায় 'উইথড্রয়াল সিনড্রোমেও' আক্রান্ত ছিলেন। এ ধরনের ঘটনায় কারও 'কার্ডিয়াক অ্যারেস্ট' হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে রোগী এবং তার আত্মীয় স্বজনের পরামর্শেই তাকে আইসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।
প্রায় তিন মাস আগে এ হাসপাতালে নার্সের হাত থেকে গরম পানি পড়ে এক নবজাতকের শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/১৬১৩ ঘ.
bdnews24