২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিক হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজন গ্রেপ্তার

আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকা থেকে শনিবার ইফতেখার বেগ ঝলক (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকা থেকে শনিবার ইফতেখার বেগ ঝলক (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঘটনার সময় গুলিবিদ্ধ রবিনকেও শনিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষ্মীবাজারের ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে সকাল ১১টার দিকে আশিক হত্যাকাণ্ডের মূল হোতা ঝলককে গ্রেপ্তার করা হয়।" শুক্রবার সন্ধ্যায় ঝলক ও রবিনসহ ৫/৬ জন সন্ত্রাসী ওয়ারীতে আশিকুর রহমান খান ওরফে অপু (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। হামলায় আশিকের দুই ভাই আতিকুর রহমান খান (৩৫) ও আরিফুর রহমান খানও (২৫) গুলিবিদ্ধ হন। আতিক ও আরিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপ-পরিদর্শক জালাল জানান, ঝলক প্রায় আড়াই বছর আগে রেস্তোরাঁ ব্যবসার জন্য আশিক ও তার ভাইদের কাছ থেকে হেয়ার স্ট্রিটের একটি বাড়ি ভাড়া নেয়। দেড় বছরের মাথায় ভাড়া নিয়ে জটিলতায় রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। ঝলক এক পর্যায়ে আশিকদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এর জের ধরে শুক্রবার আশিকদের বাড়িতে হামলা চালানো হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মহিদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সন্ত্রাসীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।" শুক্রবার ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে কথিত 'ঝলক' গ্র"পের সদস্য রবিন তাদের তিনভাইয়ের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তিনজনকেই হত্যার হুমকি দেয় সে। এরপর শুক্রবার সন্ধ্যায় রবিনসহ ৫/৬ জন সন্ত্রাসী বাসার সামনে তাদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/১৯৪২ ঘ.