ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে কাজ করা থেকে বিরত থাকার যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল তা স্থগিত করেছে হাইকোর্ট।
সুজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস কে সিনহার হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
একইসঙ্গে সুজনের আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন তিনি।
সুজনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তার সঙ্গে ছিলেন সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ ও সাবেক সভাপতি মাহবুবে আলম।
শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, নুরুল ইসলাম সুজনকে সমিতির নির্বাচন উপ-কমিটি আনুষ্ঠানিকভাবে সম্পাদক পদে 'নির্বাচিত' ঘোষণা করেছে। সমিতির পুরনো কমিটি তার কাছে দায়িত্বও হস্তান্তর করেছে। সুজন দায়িত্ব বুঝে নিয়ে তা পালনও করে আসছেন। এ অবস্থায় নিু আদালত বেআইনিভাবে তার দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
অন্যদিকে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা শুনানিতে বলেন, "মামুনকে নির্বাচনের রাতেই বিজয়ী ঘোষণা করা হয়েছিল। পরের দিন ষড়যন্ত্র করে দ্বিতীয় দফা ভোট গণনা করে তাকে পরাজিত ঘোষণা করা হয়। ব্যারিস্টার মামুনই সমিতির নির্বাচিত বৈধ সম্পাদক।"
গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শেষে সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়। ৩০ এপ্রিল পুনরায় ভোট গণনা করে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠাকিভাবে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়।
এরপর গত ১২ মে মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সহকারী জজ ইফতেখার আহমেদ সুজনকে দায়িত্ব পালন থেকে ২৫ মে পর্যন্ত বিরত থাকার আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১৫৪ ঘ.
bdnews24