গাজীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে বচসার জের ধরে শনিবার রাতে কয়েকজন পুলিশ কর্মকর্তার হাতে সদর হাসপাতালের চিকিৎসক পার্থ প্রতিম সাহা (৩৫) লাঞ্ছিত হন। এর প্রতিবাদে সরকারি হাসপাতালের চিকিৎসকরা রোববার বিকেল পর্যন্ত কর্মবিরতি ও সভা করেন। পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করেন।
তবে পরবর্তী ৭ দিনের মধ্যে সহকারী পুলিশ সুপার মাসুদ আহম্মদ ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদকে প্রত্যাহার না করা হলে ধর্মঘটসহ কঠিন আন্দোলন শুরু করবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ডা. পার্থ প্রতিম সাহা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়ের চিকিৎসার জন্য পুলিশ সুপার আব্দুল বাতেন গাজীপুর সদর হাসপাতালে যান। তখন জরুরি বিভাগে তিনি কর্তব্যরত ছিলেন। সাদা পোশাকে আসা পুলিশ সুপারকে চিনতে না পেরে তিনি তাকে হাসপাতালের ব্রাদার ও নার্সদের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বচসা হয়। এক পর্যায়ে আব্দুল বাতেন মেয়ের চিকিৎসা না করিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
পার্থ প্রতিম বলেন, "পুলিশ সুপার হাসপাতাল ত্যাগ করার ৫ মিনিটের মধ্যে কয়েকটি গাড়িতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আহম্মদ, জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদসহ ২৫/৩০ জন পুলিশ হুড়মুড়িয়ে হাসপাতালে ঢুকে পড়েন। তারা আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন।"
পার্থ প্রতিম আরও জানান, এ সময় সহকারী পুলিশ সুপার মাসুদ তাকে উদ্দেশ করে বলেন- "তুই ফেনসিডিল খাস। দেখি তোর মুখে ফেনসিডিলের গন্ধ আছে কি না"- এই বলে মাসুদ আহম্মদ তার গালের দু' পাশে চাপ দিয়ে মুখ হাঁ করতে বাধ্য করেন। এছাড়া তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে জরুরি বিভাগ থেকে চিকিৎসকের চেয়ার থানায় নিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের বাহির্বিভাগসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করে বেলা ১১টায় জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সঙ্গে তার কক্ষে দেখা করে ঘটনা জানান। পরে জেলা প্রশাসক ফোনে পুলিশ সুপার আব্দুল বাতেনকে সেখানে ডেকে আনেন। এখানে পুলিশ সুপার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলী হায়দার জানান, রোববার দুপুরে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়কের কক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. সাইদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির, বিএমএ নেতৃবৃন্দ ও চিকিৎকদের দীর্ঘ বৈঠক হয়।
বৈঠকে ৭ দিনের মধ্যে সহকারী পুলিশ সুপার মাসুদ আহম্মদ ও ওসি আব্দুর রশিদকে প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়।
এরপর চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
ড. আলী হায়দার বলেন, "৭ দিনের মধ্যে প্রতিশ্র"তি পূরণ না হলে চিকিৎসকরা আবার আন্দোলনে যাবেন।"
এ ব্যাপারে পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, "আমার সঙ্গে হাসপাতালে যথাযথ ব্যবহার করা হয়নি। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এর নিরসন হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24